কিংসকে হারিয়ে ফিলিস্তিন পতাকা নিয়ে উদযাপন করলো মোহামেডান

আপডেট : ১৭ মে ২০২৫, ০৬:৪২ পিএম

সুলেমান দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে মোহামেডান।

১৯ মিনিটে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু ৬ মিনিট পরই রাকিব হোসেন সমতা ফেরান কিংসের হয়ে। ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন দিয়াবাতে। জয়ের পর কিংস অ্যারেনায় ফিলিস্তিন পতাকা নিয়ে উদযাপন করে মোহামেডানের খেলোয়াড়রা। 

আগে থেকেই এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছিল। লিগের প্রথম পর্বের তিক্ত অভিজ্ঞতার কারণেই নিরাপত্তা জোড়দারের দাবী জানিয়ে এসেছে মোহামেডান। সাদা-কালো সমর্থকরাও এসেছিলেন প্রস্তুতি নিয়ে। মাঠে যেমন ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়িয়েছিল, তার রেশ দেখা গেছে গ্যালারিতেও। সমর্থকদের মধ্যে ঢিল ছোড়াছুড়ির ঘটনায় খেলা বন্ধও থেকেছে। ঘটেছে লালকার্ডের ঘটনাও। এমন ঘটনাবহূল সন্ধ্যায় মোহামেডান অধিনায়ক দিয়াবাতে কেড়ে নেন সব আলো। দু'টি দারুণ ফিনিশিংয়ে মোহামেডানকে জিতিয়েছেন মালির ফরোয়ার্ড। আবার দুই গোলেই দায় আছে কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দেসিয়েল দস সান্তোসের। তাতে রাকিব হোসেনের সমতাসূচক গোলটা কেবল আক্ষেপই বাড়িয়েছে। 

ব্যক্তিগত কারণে ব্রাজিলে আছেন কিংসের আক্রমণভাগের মূল অস্ত্র মিগেল ফিগেইরা। আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসকানো এবং ঘানাইয়ান উইঙ্গার ইভান্স ইতিও পুরোপুরি ম্যাচ ফিট নন। তাই দুই ভিনদেশী জোনাথন ফার্নান্দেজ ও দেসিয়েলকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন কিংসের রুমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতা। খর্ব শক্তির কিংসকে তাদের মাঠে পেয়ে মোহামেডান শুরু থেকেই তেড়েফুড়ে খেলতে শুরু করে। যার ফল তারা পেয়েছে ১৮ মিনিটে শ্রাবণের শিশুতোষ ভুল আর দেসিয়েলের ব্যর্থতায়। নিজেদের অর্ধ্ব থেকে উজবেক মিডফিল্ডার মোজাফফরভ লম্বা বল ফেলেন কিংসের অর্ধ্বে। ডেসিয়েল ছিলেন দিয়াবাতের মার্কার হিসেবে। অথচ শ্রাবণ  সেই বল ক্লিয়ঙার করতে বক্স ছেড়ে বাইরে চলে আসেন। বল দখলের লড়াইয়ে এক সময় দিয়াবাতে হারিয়ে দেন দেসিয়েলকে। আর শ্রাবণ পোস্ট অরক্ষিত রেখে বাইরে এসে ডেকে আনেন সর্বনাশ। সুযোগ সন্ধানী দিয়াবাতে বক্সের বেশ বাইরে তেকে উন্মুক্ত পোস্টে ঠিকঠাক বল রাখেন। ম্যাচের ২৫ মিনিটে অবশ্য রাকিবের গোলে সমতায় ফিরেছিল কিংস। জোনাথনের ফ্রি-কিক ডিফেন্স থেকে ফিরলে তাতে জুনিয়র সোহেল রানার জোড়ালো শট ডিফেন্ডার মেহেদী হাসান রুখে দিয়েছিলেন। তবে  ফিরতি বল আলতো টোকায় জালে জড়ান রাকিব। যদিও এই গোল নিয়ে মোহামেডান খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়েছিলেন। শট নেওয়ার আগে বল রাকিবের হাতে লাগার দাবী অবশ্য টেকেনি। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল মোহামেডানের। বাঁ দিক দিয়ে দ্রুত আক্রমণে উঠে ক্রস ফেলেছিলেন ইমান্যুয়েল সানডে। যা খুঁজে নেয় ভালো জায়গায় থাকা আরিফকে। তবে এই তরুণ বাঁ পায়ের শটে বল পোস্টে রাখতে পারেননি।

বিরতির পরপরই দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। দলকে বিপদে ফেলে ৪৮ মিনিটে মাঠ ছেড়ে যান রাইটব্যাক রিমন হোসেন। নাইজেরিয়ান ইমান্যুয়েল সানডেকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেওয়ায় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় তাকে। যদিও কিংসের দুর্বলতা কাজে লাগাতে মোহামেডানের আক্রমণাত্মক হওয়ার দিকে সেভাবে মনযোগ ছিল না। রক্ষণ সামলে মোহামেডানের দিয়াবাতে এবং সানডেই ভীতি ছড়িয়ে গেছেন বারবার। ৫৩ মিনিটে আবারও শ্রাবণের ভুলে গোল হজম করতে পারতো কিংস। তবে তপু বর্মণের প্রতিরোধে বেচে যায় স্বাগতিকরা। ডান দিক দিয়ে আক্রমনে উঠেছিলেন সাকিব। আড়াআড়ি পাসও বাড়ান সানডেকে। পোস্ট ছেড়ে শ্রাবণ সেটা ক্লিয়ার করতে গিয়েছিলেন। তবে তিনি ব্যর্থ হন। সানডে তার আগেই ক্রস ফেলেন গোলমুখে। তাতে মাহবুব আলম হেডও নেন। যা তপু গোললাইন থেকে ঠেকান। ম্যাচের ৫৭ মিনিটে প্রথম কিংসের জার্সিতে প্রথম মাঠে আসেন হুয়ান লেসকানো। এই আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদের যুব দলে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন বাংলাদেশে। তবে এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। বদলী নেমে সেভাবে নিজেকে চেনাতেও পারেননি তিনি। ম্যাচের ৬৮ মিনিটে লেসকানো গোলের সুযোগ হাতছাড়া করেন। ইমান্যুয়েল টনির ভুলে বল পেয়ে ডানপায়ের জোড়ালো শট নিয়েছিলেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। তবে তা পরীক্ষা নিতে পারেনি মোহামেডান কিপার হোসেন সুজনকে। ম্যাচের ৭১ মিনিটে অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ হয়ে যায়। মোহামেডান কিপার সুজনকে লক্ষ্য করে বোতল ছুড়তে শুরু করে কিংসের দর্শকরা। একটা সময় গ্যালারিতেও উত্তেজনা ছড়ায়। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের শঙ্কা জাড়ে। পরস্পরের দিকে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় পুলিশসহ নিরাপত্তারক্ষীরাও হিমসিম খাচ্ছিলেন। তাতে সাত মিনিট খেলা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে খেলা শুরু হয়। 

৮৫ মিনিটে মোহামেডানকে ফের এগিয়ে নেন দিয়াবাতে। ইভান্স ইতির কাছ থেকে বল কেড়ে নিয়ে সানডে দ্রুত লম্বা ফল ফেলেন দিয়াবাতেকে উদ্দেশ্য করে। সেই বল আয়ত্বে নিয়ে মার্কার দেসিয়েল ও কিপার শ্রাবণকে বডি ডজে পরাস্ত করে মোহামেডানের তিন পয়েন্ট নিশ্চিত করেন প্রথমপর্বেও জয়ের নায়ক দিয়াবাতে।

২৬ এপ্রিল লিগের পরের রাউন্ডে মোহামেডান মুখোমুখি হবে চির বৈরী আবাহনীর। আর কিংসকে বাকী পথটায় নিজেদের কাজ ঠিকঠাক করার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে দুই প্রতিপক্ষের দিকেও। তারা পয়েন্ট খোয়ালেই প্রায় অসম্ভব হয়ে পড়া স্বপ্নটা পূরণ হতে পারে। নইলে টানা ছয় শিরোপা জিতে ইতিহাস গড়তে না পারার আক্ষেপ সঙ্গী হবে গত মৌসুমের ট্রেবলজয়ীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত