কুমিল্লা ইপিজেড বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। নিয়মিত আমদানি, রপ্তানিসহ উৎপাদনে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বর্তমানে বিদেশি ৩০টি, যৌথ ৭টি বিনিয়োগ ও দেশীয় ১১টি বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। যার উৎপাদনের ৯৫ শতাংশ পণ্য বিদেশে রপ্তানি করা কুমিল্লা ইপিজেড চলতি অর্থবছরে পণ্য রপ্তানিতে রেকর্ড গড়তে যাচ্ছে।
এদিকে ইপিজেড কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থবছরের গেল প্রথম আট মাসেই রপ্তানি হয়েছে ৬৪৬ দশমিক ৩০ মিলিয়ন ডলার, টাকার অঙ্কে যা প্রায় আট হাজার কোটি টাকা। যা ইতিমধ্যেই আগের অর্থবছরের চেয়ে বেশি। ইপিজেড কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ছাড়াবে দশ হাজার কোটি টাকা। কর্তৃপক্ষ মনে করে চলমান পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড এক বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি ছাড়াবে অতীতের সকল অর্থবছরকে।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলছে, করোনা সংকট সামলিয়ে ওঠার পরেই ধাক্কা পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নানা অস্থিরতা। কাঁচামাল আমদানিতে তৈরি হয় বাধা। হাত গুটিয়ে নেয় দেশি-বিদেশি রপ্তানিকারক দেশগুলো। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই সে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ফ্রান্স ও জার্মানিসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে বেড়েছে পণ্য রপ্তানি ও অর্ডার। এতে করে কুমিল্লা ইপিজেডে বেড়েছে বিনিয়োগ এবং কর্মসংস্থান।
বর্তমানে ইপিজেডের ৪৮টি প্রতিষ্ঠানে কাজ করছে ৫০ হাজারেরও বেশি শ্রমিক, যার ৬৫ শতাংশই নারী। তৈরি হচ্ছে গার্মেন্টস অ্যাকসেসরিজ, সোয়েটার, ইলেকট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, সেফটি জ্যাকেটসহ নানা পণ্য।
এদিকে, চাহিদা থাকা সত্ত্বেও নতুন বিনিয়োগকারীদের জন্য নেই পর্যাপ্ত প্লট। ফলে বিনিয়োগকারীরা বাধ্য হচ্ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে শিল্প প্রতিষ্ঠান গড়তে, যা নষ্ট করছে পরিবেশ। তাই অঞ্চলটিকে বাড়িয়ে নতুন প্লট বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের।
কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জামাল আহমেদ বলেন, আমাদের কমিটমেন্ট ঠিকই ছিল, যারা এখানে ব্যবসা করেন তারা কমিটমেন্ট পেয়েছেন।
