প্রতিটি ছক্কা-উইকেটে গাজার শিশুদের ৪৩ হাজার টাকা দেবেন রিজওয়ানরা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

গাজা উপত্যকায় চলমান সহিংসতায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসনে জীবন হারাচ্ছেন হাজারো বেসামরিক ফিলিস্তিনি। মানবিক এই বিপর্যয়ের সময়ে ক্রীড়াঙ্গন থেকেও আসছে সহমর্মিতা ও সহায়তার হাত। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়ানোর পর এবার গাজার শিশুদের জন্য এক মানবিক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস।

দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করাচি কিংসের বিপক্ষে প্রথম ম্যাচের টসের সময়ই ঘোষণা দেন—মুলতানের খেলোয়াড়রা ম্যাচে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের জন্য ১ লাখ পাকিস্তানি রুপি দান করবেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা।

রিজওয়ান বলেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, মাঠে আমাদের প্রতিটি চার, ছক্কা কিংবা উইকেট শিকারের বিনিময়ে আমরা গাজার শিশুদের জন্য আর্থিক সহায়তা দেব।’

পরে একটি ভিডিও বার্তায় দলের মালিক আলি তারিন বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ‘এবারের পিএসএলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় দাতব্য তহবিলে ১ লাখ রুপি করে দান করব। এই অর্থ মূলত শিশুদের জন্য ব্যয় করা হবে।’

গতকাল (শনিবার) করাচির বিপক্ষে ম্যাচে মুলতান সুলতান্সের ব্যাটসম্যানরা হাঁকান ৭টি ছক্কা, বোলাররা শিকার করেন ৬টি উইকেট। অর্থাৎ ম্যাচের পর তারা ঘোষণা দিয়েছে ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা গাজায় পাঠানো হবে।

তবে মাঠের লড়াইয়ে হাসতে পারেনি রিজওয়ানের দল। অধিনায়কের ঝলমলে সেঞ্চুরিতে ২৩৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করালেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। জবাবে জেমস ভিন্সের শতকে ভর করে করাচি কিংস জয় তুলে নেয় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই।

মানবিক এই উদ্যোগে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ান ও মুলতান সুলতান্সের প্রশংসায় ভাসছে নেটদুনিয়া। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে খেলাধুলার মঞ্চ থেকে এমন পদক্ষেপ নিঃসন্দেহে উদাহরণ হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত