ক্ষমতার দাপটে প্লট বরাদ্দের নীতি ও নিয়মের বাধা অপসারণ করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন পৃথক মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন। আগামী ২৭ এপ্রিল আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগে পাঁচটি মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। গত বছরের ১৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলাতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর পৃথক সময়ে গুমের অভিযোগে এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকা-ের অভিযোগের দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আসে ট্রাইব্যুনাল থেকে। গত ১০ এপ্রিল রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক একটি মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল একই আদালত।
অন্যদিকে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপের বিরুদ্ধে এই প্রথম বাংলাদেশের কোনো আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হলো। টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এ ছাড়া পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠজনের দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ সব ঘটনার জেরে তিনি সেখানকার মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এ ছাড়া শেখ রেহানা ও রাদওয়ান সিদ্দিকের বিরুদ্ধেও প্রথম কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ আরও দুই আসামিসহ শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ আরও দুই আসামিসহ আজমিনা সিদ্দিক, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন আফনান জান্নাত কেয়া। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। পৃথক তিনটি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়।
