রাজধানীতে ব্যতিক্রমী ‘ড্রোন শো’, ফুটে উঠেছে জুলাই আন্দোলনের মুহূর্ত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যতিক্রমী ‘ড্রোন শো’র দেখা মিলেছে। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সোমবার সন্ধ্যা ৭টায় এ ‘ড্রোন শো’ শুরু হয়।

গত ১২ এপ্রিল রাতে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলক ‘ড্রোন শো’ হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ‘ড্রোন শো’র কিছু ছবি শেয়ার করেন।

ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো, মুগ্ধর পানি বিতরণের আইকনিক দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে।

এতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয়েছে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।

এর আগে বিকাল ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষ্য করা গেছে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচেপড়া ভিড়। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে উদযাপন করেছে পহেলা বৈশাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত