কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেল পান্ডা নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও চারজনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হক এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থকদের মাঝে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জেরে বিবদমান পক্ষ দুটি প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় এবং সমর্থকদের মাঝে হতাহতের ও ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা হরহামেশায় ঘটে থাকে।
মঙ্গলবার বিকালে ফের তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের আক্রমণ করে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি নিয়ে যায় তাদের স্বজনরা।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রূহানী বলেন, দীর্ঘ দিন ধরেই উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের বর্তমান চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ফলে বাড়িঘর ভাঙচুরসহ হতাহতের ঘটনা ঘটছে। আজও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
