গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহ সারওয়ার কবির ওই এলাকায় অবস্থান নিয়েছেন। পরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান ও জিজ্ঞাসাবাদ চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১ মার্চ থেকে ভগ্নিপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন সারওয়ার। পুলিশ জানায়, তিনি গাইবান্ধায় দুটি মামলার বর্তমান আসামি।
