কুমারখালীতে সেচ পাম্প নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৯ 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি সেচ পাম্প নিয়ে স্থানীয় শেখ গ্রুপের সঙ্গে মোল্লা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মোল্লা গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শেখ গ্রুপের আহতরা বলেন - মৃত বদর উদ্দিনের ছেলে হামিদুল শেখ (৫০), তার ছেলে নাঈম শেখ (২২), মৃত ইছাহকের ছেলে ইব্রাহিম শেখ (৬৫), আসলাম শেখের ছেলে ইয়ামিন শেখ (১৯) ও ইউনুসের ছেলে আলম শেখ (২০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে ও মাথায় আঘাতের ক্ষত রয়েছে।

আর মোল্লা গ্রুপের আহতরা হলেন- মৃত নওশের মোল্লার ছেলে ছমসের আলী মোল্লা (৫৫), রবিউল আলম মোল্লার ছেলে রুহুল আলম (৬০) ও শামসুল আলম (৫৮) এবং নান্নু মোল্লা (৫০)। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদেরও মাথা, হাত ও পায়ে ক্ষত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে উত্তর কয়া গ্রামের রবিউল আলম মোল্লা তার কৃষি কাজের সেচ পাম্পটি হামিদুল শেখের কাছে ইজারা দিয়েছেন। হামিদুল দুই বছর অন্তর অন্তর বৈশাখ মাসে প্রায় ৩৬ হাজার টাকা দেন রবিউলকে। তবে এ বছর থেকে রবিউল পাম্পটি ইজারা দিবে না বলে তালা লাগিয়ে দেন। তবুও বুধবার সকালে হামিদুল শেখ তার লোকজন নিয়ে তালা খুলতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

আরও জানা গেছে, মোল্লা গ্রুপের লোকজন আওয়ামী লীগের সমর্থক আর শেখ গ্রুপ বিএনপির। সংঘর্ষের পর মোল্লা গ্রুপের পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে অন্তত চারটি বাড়িতে ভাঙচুর করেন প্রতিপক্ষরা।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, শেখ গ্রুপের অন্তত ৫ জন চিকিৎসা নিচ্ছেন সেখানে। তাদের মাথা ও হাতে ব্যান্ডেস বাধা। এ সময় পাম্পের ইজারাদার হামিদুল শেখ বলেন, দুই বছর অন্তর অন্তর ৩৬ হাজার টাকা ইজারা দিই রবিউলকে। এখনও দুইমাস মেয়াদ আছে। তবুও তারা তালা লাগিয়ে দিয়েছেন। আবার আমাদেরই মাথা ফাঁটিয়েছে। আমি বিচার চাই। থানায় মামলা করব।

হামিদুল শেখের ভাই কয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান শেখ বলেন, আমার ভাই হামিদুল ও ভাতিজা নাঈম সকালে বোরিং চালাতে গেলে আওয়ামী লীগ নেতা শাহিন মোল্লা, রেজাউল মোল্লাসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দুপুরে সরেজমিন উত্তর কয়া গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, রবিউল মোল্লাসহ কয়েকজনের বাড়ির বেড়া ও জানালার গ্লাস ভাঙা। আতঙ্কে মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ কেউ।

এ সময় পাম্প মালিক রবিউল মোল্লার স্ত্রী জাহানারা খাতুন বলেন, পহেলা বৈশাখেই মেয়াদ শেষ হয়েছে ইজারার। ছেলে পেলে নাতিপুতি বড় হয়েছে। এখন নিজেরায় পাম্প চালাবো। কিন্তু হামিদুলরা জোর করেই পাম্প নিতি না পেরে আমাদের লোকজনকে মারধর করেছে। কুপিয়েছে। বাড়িতে ভাঙচুর করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্রী বলেন, প্রতিপক্ষের লোকজন মারধরের পর ভাঙচুর করেছে। এখন লুটপাট এবং শারীরিক ও মানসিক নির্যাচনের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তা চাই।

জানা গেছে, কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম পান্না মোল্লা। তিনি সম্প্রতি শহরে থাকেন। তার বাড়িতে ভাড়া থাকেন বেলতলা এলাকার মারুফ হোসেন ও পলি আক্তার দম্পতি। এ বিষয়ে পলি আক্তার বলেন, মাস ছয়েক হল ভাড়া আছি। কিন্তু আজ সকাল থেকে মারামারি চলছে। বাড়িতে ভাঙচুর হয়েছে। প্রতিপক্ষের লোকজন দুই ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন। সেজন্য মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখবলেন, সেচ পাম্পের ইজারা বা মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশকিছু লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকটি বাড়িতে হালকা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত