সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশাসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট চাঁদা দাবির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক এবং যুবনেতা আঙ্গুর মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল সংবাদমাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। তারা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক, যুবনেতা আঙ্গুর মিয়া, গোলাম আজম ফুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত