হকার উচ্ছেদে চাঁদাবাজদেরও ধরা হবে : ডিএনসিসি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ এএম

হকার উচ্ছেদের জন্য চাঁদাবাজদেরও ধরার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘ফুটপাতে হকারদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আমরা জানি, হকারদের এই কার্যক্রমের পেছনে চাঁদাবাজদের চক্র রয়েছে। চাঁদাবাজ চক্রে জড়িতদের বলছি, আপনারা এসব বন্ধ করেন। হকারদের উচ্ছেদের জন্য চাঁদাবাজদেরও ধরা হবে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৫-এর বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে তিনি এসব কথা বলেন। এ সময় অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত গণশুনানিতে ডিএনসিসির ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও নেতা, সোসাইটির নেতা, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

গণশুনানিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলাবদ্ধতা, খাল উদ্ধার, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, কিশোর গ্যাং, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি করেন স্থানীয়রা।

মোহাম্মদ এজাজ বলেন, ‘ডিএনসিসি আওতাধীন খাল, মাঠ, পার্ক, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। দখলদারদের বিরুদ্ধে নিয়মিতভাবে এই অভিযান চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদপুর হাইক্কার খালের সব অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদ করা হবে। আমি নিজে উপস্থিত থাকব। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত