'জয়ই হবে জন্মদিনের সেরা উপহার’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ড থেকে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করতে ফিল সিমন্সকে জন্মদিনের শুভেচ্ছা জানান এক গণমাধ্যমকর্মী। পানি পান করা অবস্থায় আকস্মিক শুভেচ্ছা পেয়ে বিস্মিত সিমন্স এক গাল হেসেই তা গ্রহণ করলেন। তারপর আসন গ্রহণ করেই মুখোমুখি হলেন প্রশ্নবানের।

চার মাসের বিরতির পর টেস্ট মাঠে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচ রবিবার শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে আজ সকাল থেকেই মাঠে ঘাম ঝরিয়েছেন শান্ত-মুমিনুলরা। সকাল ১০টা থেকে শুরু হয় অনুশীলন। এক ঘণ্টার মাথায় নামে বৃষ্টি, তবে ১০ মিনিটের বিরতির পর আবারও শুরু হয় প্রস্তুতি।

প্রথম টেস্টের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। জানালেন, প্রস্তুতিতে তিনি খুশি। একই সঙ্গে জানিয়ে দিলেন, জয়ই হবে তার জন্য জন্মদিনের সেরা উপহার।

বাংলাদেশের কোচ হিসেবে আসার পর এটাই সিমন্সের প্রথম সিলেট সফর। জানালেন এখানকার ফ্যাসিলিটিজগুলো স্বপ্নের মতো। দলের প্রস্তুতি তিনি বলেন, 'প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয়েছে স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়, কাজেও সুবিধা হয়েছে। অল্প সময়েই অনেক কিছু করে ফেলা গেছে।'

ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই স্পিন উইকেট বানিয়ে সফল হয়েছে। তবে তাতে বিপত্তিও ঘটেছে। বিদেশের মাটিতে গিয়ে বারবার হুমড়ি খেয়ে পড়তে হয়েছে। তাই সিমন্স মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট দরকার নেই।

প্রথম টেস্টের উইকেট নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ, 'আমাদের পরিকল্পনা আছে একটি প্রোপার উইকেট তৈরির। জিম্বাবুয়ের বিপক্ষে অতিরিক্ত স্পিন উইকেট দরকার নেই। আমরা চাই দল একটা নির্দিষ্ট ধারায় খেলুক। উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে, তবে দেখতে হবে কাল সকালে কেমন থাকে।'

জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের রেকর্ড নিয়ে প্রশ্নে সিমন্স বলেন, 'সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। সর্বোচ্চ পেশাদার একজন খেলোয়াড়। রান করতে চায়, সেটা তার কাজের প্রাপ্য। তবে এখন শুরু করতে হবে শূন্য থেকে। নিজের অবস্থান আবার প্রমাণ করতে হবে।'

নাহিদ রানাকে ‘এক্স ফ্যাক্টর’ বলে মনে করেন কোচ। তরুণ পেসার নাহিদ রানার গতিকে বিশেষ অস্ত্র বলেই দেখছেন কোচ, 'ওর গতি আছে, যেটা অনেক পেসারের মধ্যেই থাকে না। যদি সঠিক জায়গায় বল করে, তাহলে জিম্বাবুয়ের জন্য হতে পারে বড় হুমকি।'

বাংলাদেশ দলে মোস্তাফিজ ও শরিফুল অপরিহার্য অংশ হয়ে গেছেন। কিন্তু দুজনের কেউই নেই এই সিরিজে। তবে বাঁহাতি পেসার না থাকলেও সমস্যা দেখেন না এই ক্যারিবিয়ান কোচ। টিম কম্বিনেশন নিয়ে সিমন্সের যুক্তি স্পষ্ট, 'হ্যাঁ, বাঁহাতি পেসার থাকা ভালো। কিন্তু ডানহাতি চার পেসার থাকলেও সমস্যা নেই। আমরা আমাদের স্কোয়াড নিয়ে খুশি।'

ওপেনারদের ব্যাটিং এবং কিপিং নিয়ে ভাবনা আছে। শান্ত-মিরাজদের ব্যাটিং নিয়ে আশাবাদী সিমন্স, 'তারা এখন ভালো অবস্থায় আছে। ডিফেন্সিভ স্ট্রাকচারটাও টাইট মনে হয়েছে।' কিপিং নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এক বিষয় নিশ্চিত করলেন, 'মুশফিক কিপিং করবে না। আগামীকাল জানিয়ে দেব কে গ্লাভস পরে মাঠে নামবে।'

দলের কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে সিমন্স কি চান? জবাবে হেসে বললেন, 'আমি এখন আর উপহার চাওয়ার বয়সে নেই। তবে যদি খেলোয়াড়েরা কিছু দিতে চায়, তাহলে প্রথম ম্যাচটা জিতলেই হবে!'

হোয়াইটওয়াশ নিয়ে প্রশ্নে সিমন্স ছ, 'একবারে একটি পদক্ষেপ নিই আমি। আপাতত লক্ষ্য প্রথম টেস্ট জেতা। এরপর ভাবব চট্টগ্রাম ও সিরিজ নিয়ে।'

রবার সকালেই শুরু হবে ম্যাচ। তার আগেই মাঠ ও উইকেট পরিস্থিতি বুঝে সাজানো হবে চূড়ান্ত একাদশ। তবে কোচের কথায় স্পষ্ট, সিলেট টেস্ট জেতার জন্য আত্মবিশ্বাসে ভরপুর টিম টাইগারস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত