ঢাকার আশুলিয়া থেকে অপহৃত কওমী মাদ্রাসার এক শিক্ষককে রাজশাহী থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তারকৃতরা হলেনÑ নাটোর সদর উপজেলার বড় হরিপুর এলাকার রবিউল ইসলাম (২৭) ও রুবেল চৌধুরী (২৭), পটুয়াখালীর দশমিনা এলাকার নাজমুল হোসাইন (৪২) ও তার ভাই নাহিদ মিয়াজ (৩৫)। গতকাল শুক্রবার র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৫ এপ্রিল ঢাকার আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড থেকে অপহৃত হন রিফাতুল ইসলাম। ৭ এপ্রিল সন্ধ্যায় অপহরণকারীরা তার বড় ভাই জুবায়ের মাহমুদ রিকনের (৩০) মোবাইলে ফোন করে ১ লাখ টাকা দাবি করে। রিফাতুলের মা ঝরণা আক্তার বাধ্য হয়ে বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। পরে ঝরনা আক্তারের কাছে অপহরণকারীরা আরও ১ লাখ টাকা দাবি করে। রাতুলের সঙ্গে কথা বলে তার মা রিফাতুলের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১ লাখ টাকা প্রেরণ করেন। পরে আসামিরা আবারও ঝরনা আক্তারের কাছে ১লাখ টাকা দাবি করে। ১৪ এপ্রিল বিকাশের মাধ্যমে আসামিদের কাছে আরও ৩০ হাজার টাকা পাঠান অপহৃত রাহুলের মা । কিন্তু পর দিনরাতে রিফাতুলের মায়ের কাছে ফোন করে আরও ১ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তার ছেলেকে মারধরসহ হত্যারও হুমকি দেওয়া হয়। ঝরনা বেগম কোনো উপায় না পেয়ে র্যাব-৪ এর সিপিসি-২ বরাবর অপহরণের একটি অভিযোগ দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৪ এর সাভার ক্যাম্পের গোয়েন্দা দল অভিযোগের ছায়া তদন্তশুরু করে। ব্যাপক গোয়েন্দা নজরদারিতে র্যাব অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন। এরই প্রেক্ষিতে র্যাব-৪ এর সাভার ও র্যাব-৫ এর দল তথ্যপ্রযুক্তির সহায়তা বৃহস্পতিবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহৃত রিফাতুলকে উদ্ধার করে। সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করে।
