রাত ৮টার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও ‘উপর মহলের নির্দেশ’ বলে শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে অভিযোগটি অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এ ঘটনায় গতকাল শনিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্য্যালয়ের সায়েন্স ক্লাব। একইসঙ্গে সপ্তাহে সাত দিন ও ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখার দাবি জানিয়েছেন সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগসহ একাধিক বিভাগে আধুনিক গবেষণাগার রয়েছে, যা সার্বক্ষণিক (২৪/৭) গবেষণার উপযোগী হিসেবে নির্ধারিত। এসব ল্যাবে শিক্ষার্থীরা নিয়মিত সøট অনুযায়ী রাত-দিন কাজ করে থাকেন।
ক্লাবের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ থেকে ওপরের নির্দেশনার কথা বলে রাত ৮টার পর এসব ল্যাবে শিক্ষার্থীদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের নির্দেশনা শুধু নিয়মের অপপ্রয়োগ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন ও গবেষণাকেন্দ্রিক প্রয়াসে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাজুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা সই বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীবান্ধব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি ও ক্যাম্পাস ডিজিটালাইজেশন অন্যতম। কিন্তু ল্যাবে প্রবেশে এই বিধি-নিষেধ সেই ইতিবাচক ধারার সঙ্গে সাংঘর্ষিক।
তবে ল্যাব থেকে শিক্ষার্থী বের করে দেওয়ার ঘটনা অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তিনি বলেন, আমি কাউকে ল্যাবের কাজে বাধা দিতে নির্দেশনা দেয়নি।
