দেশব্যাপী আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠন নিয়ে শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ঠিক করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে এ আদেশ দেন
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত চার আসামি আছিয়ার বোনের শ^শুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটে যে অভিযোগ আনা হয়েছে সেটি আমলে নিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক। মামলায় অভিযুক্ত সব আসামিকে আদালতে উপস্থিত করে তাদের সামনেই মামলাটি আমলে নেওয়া হয়। পাশাপাশি চার্জ গঠনের জন্যে আগামী ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।
মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এই চারজনকেই আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন শিশুটির মা। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।
এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলাটির মূল আসামি শিশুটির বোনের শ^শুর হিটু শেখ ১৫ মার্চ শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা হিটু শেখ ছাড়াও মামলায় অভিযুক্ত বাকি ৩ জনের বিরুদ্ধেও অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
