রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল সদস্য আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
নিহত আরিফের বাবা গিয়াস উদ্দিন সিকদার জানান, তার (আরিফ) মুখে গুলি করা হয়েছিল। আইসিইউতে ভর্তি ছিল গত ২ দিন। সেখানে সকালে মারা গেছে।
তাদের বাড়ি মাদারিপুরের শিবচর উপজেলায়। স্ত্রীকে নিয়ে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন আরিফ। সেখানে গ্রিলের ওয়ার্কশপ রয়েছে তার।
বাবা গিয়াস উদ্দিন সিকদার বলেন, আমার ছেলেরে ডাইকা নিয়া গুলি করছে। কয়েকজনরে পুলিশ ধরছে। জানি না কেন আমার ছেলেরে তারা মারল। আমার একটাই ছেলে। আমার তো আর কেউ রইল না। এর আগে শনিবার দিবাগত রাতে হাতিরঝিল মোড়ল গলিতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত আরিফের পরিচিতরা জানান, যুবদলের ৩৬ নম্বর ওযার্ডের একটি ইউনিটের সক্রিয় সদস্য ছিলেন আরিফ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
