ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নতুন এ প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, নতুন যুদ্ধবিরতির পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছর যুদ্ধবিরতি স্থায়ী করার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও থাকছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে। বিবিসি জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল শিগগিরই কায়রো যাওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া।
এর আগে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করলে জানুয়ারিতে সম্মত হওয়া সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অন্যকে দায়ী করেছে। এর মধ্য গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। বলেছেন, হামাস নিশ্চিহ্ন না হওয়া এবং জিম্মিদের ফিরি না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
