দক্ষিণ মুগদার দুই গলিতে গ্যাস নেই এক সপ্তাহের বেশি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম

রাজধানীর দক্ষিণ মুগদা এলাকার দুটি মহল্লায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্যাস নেই। সিঙ্গার গলি ও গার্মেন্টস গলি নামক এ দুটি মহল্লার দুই শতাধিক বাড়িতে প্রায় ১০ হাজার বাসিন্দা। গ্যাসের অভাবে এসব মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাসিন্দারা জানান, গত সাত-আট দিন ধরে এ দুই এলাকায় গ্যাস নেই। চুলা জ¦লে না। অথচ আশপাশের সব এলাকায় গ্যাস আছে। গ্যাস না থাকায় বাড়িতে চুলা জ¦লছে না। হিটার বা ইলেকট্রিক চুলায় ছোটখাটো রান্না হলেও ভাত-তরকারি বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। এতে বাসিন্দারের খুব কষ্ট হচ্ছে।

সিঙ্গার গলির বাসিন্দা আব্দুল মোতালেব দেশ রূপান্তরকে বলেন, গ্যাস না থাকায় চুলা জ¦লছে না। যাদের রাইস কুকার আছে, তারা রাইস কুকারে ভাত-তরকারি রান্না করছে। কিন্তু যাদের রাইস কুকার নেই, তাদের হোটেল থেকে ভাত-তরকারি কিনে খেতে হচ্ছে। সকালের রুটিও হোটেল থেকে কিনে আনতে হয়।

গার্মেন্টস গলির বাসিন্দা একটি বেসরকারি স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সবকিছু বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। এতে সংসারের ব্যয়ও বেড়ে যাচ্ছে। তাছাড়া হোটেলের খাবার আর কতদিন খাওয়া যায়? এসব বাসিন্দারা জানান, তারা এক কাপ চা-ও তৈরি করতে পারছেন না। যাদের বাসায় রোগী বা শিশু আছে, তাদের দুর্ভোগ বেশি হচ্ছে। গোসলের জন্য পানি গরম করতে পারছেন না। বিশেষ করে তিন বেলা হোটেল থেকে খাবার কেনার আর্থিক সংগতিও অনেকের নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত