ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৬তম আসর শুক্রবার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ এএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১৬তম আসর বসছে আগামী শুক্রবার। এ উপলক্ষে এবারও বসবে তিন দিনের বৈশাখী মেলা। বলী খেলা ও বৈশাখী মেলা সফল করতে সবার সহায়তা চেয়েছেন আয়োজকরা।

আবদুল জব্বারের বলী খেলা সামনে রেখে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব শওকত আনোয়ার বাদল জানান, বলী খেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও লালদীঘি ময়দান ও আশপাশে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। ২৫ এপ্রিল বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ লালদীঘি মাঠে বলী খেলা উদ্বোধন করবেন। খেলা শেষে বিজয়ী বলীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আয়োজক কমিটির সদস্য সচিব ও মরহুম আবদুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল লিখিত বক্তব্যে বলেন, আবদুল জব্বারের বলী খেলা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বলী খেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ। তাই এবারের ঐতিহাসিক আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা ঘিরে জনসাধারণের নির্বিঘেœ চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী এ বৈশাখী মেলা ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আবদুল জব্বার সওদাগরের পরিবার সবসময় প্রতিবাদ করে আসছে। এবারও দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে আমাদের জানানো হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বলী খেলার প্রতিষ্ঠাতা মরহুম আবদুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা করা, ঐতিহাসিক লালদীঘি চত্বরকে আবদুল জব্বার সওদাগরের নামে নামকরণ করা, চট্টগ্রামে বলী খেলা চর্চার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা, মরহুম আবদুল জব্বার সওদাগরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান, এই বলী খেলাকে আন্তর্জাতিক পরিম-লে নিয়ে যেতে কিংবা ইউনেসকোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত