২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে বসতে যাওয়া ১৪তম এসএ গেমসের ২৬টি ডিসিপ্লিনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় হয়েছে এই সিদ্ধান্ত। সভায় বিওএর নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে এসএ গেমসের শেফ দ্য মিশন মনোনীত করা হয়েছে। এসএ গেমসের আগে আরও দুটি আন্তর্জাতিক আসরে খেলার বিষয়েও হয়েছে সিদ্ধান্ত।
২০১৯ সালে নেপালের দুই শহরে অনুষ্ঠিত ১৩তম এসএ গেমসে ১৯টি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশ ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়েছিল। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হতে যাওয়া আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। ডিসিপ্লিনগুলো হলো আরচারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল. গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।
২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া ৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে ১২টি ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।
সভায় দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্সে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করেছে বিওএ। খেলাধুলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে অর্থ সংগ্রহের জন্য বিওএর দুই সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে সভায়।
