আইসিটি খাতে অনিয়ম-দুর্নীতি তদন্তে উচ্চপর্যায়ের টাস্কফোর্স

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে পরিচালিত বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবং একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্স এবং শ্বেতপত্র কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ।

আজ বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, সেমিকন্ডাক্টর ও আইওটি বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, আইন বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, প্রযুক্তি বিশেষজ্ঞ মো. শরিয়ত উল্যাহ, অভিজ্ঞ সাংবাদিক প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বে আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।

গেজেটে বলা হয়েছে, এই টাস্কফোর্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিগত সরকারের সময় সম্পাদিত সকল প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), চুক্তি, অডিট প্রতিবেদন এবং তদন্ত দলিলাদি পর্যালোচনা করবে। অনিয়ম, অপব্যবস্থা ও দুর্নীতির প্রকৃত চিত্র উন্মোচন করে একটি সমন্বিত শ্বেতপত্র প্রণয়ন করবে কমিটি।

‘আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স’ আগামী ২১ জুনের মধ্যে একটি সংক্ষিপ্ত সারাংশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। টাস্কফোর্স সদস্যগণ নিয়ম অনুযায়ী সভাভাতা পাবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তাদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করবে। এ ছাড়া বিভাগের উপসচিব মো. আবু নাছের টাস্কফোর্সের সাচিবিক সহায়তা করবেন।

টাস্কফোর্স প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকিয়াল ফেলো। এর আগে, তিনি যুক্তরাজ্যের রিডিং, মালয়েশিয়ার মোনাশ ও থাইল্যান্ডের চুলালংকরন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সেমিকন্ডাক্টর ও আইওটি প্রযুক্তিতে বিশেষজ্ঞ।

ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী একজন অভিজ্ঞ আইনজীবী। ফৌজদারি প্রতিরক্ষা, দেওয়ানি মামলা, পাবলিক আইন ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত পরামর্শে তার দক্ষতা রয়েছে। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কাপলান হলবর্ন কলেজ থেকে এলএলবি এবং উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ দৈনিক ইত্তেফাক ও বণিক বার্তায় প্রযুক্তি প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত