জরুরি সংস্কার দ্রুত কার্যকর করা হচ্ছে : সিইসি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব সংস্কার আশু বাস্তবায়নযোগ্য এবং জরুরি, সেগুলো দ্রুত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলোর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের ওপর।

গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আশু বাস্তবায়নযোগ্য, যেগুলো ইমার্জেন্সি রয়েছে, যেগুলো আমরা করে ফেলতে পারব, নির্বাচনের আগে করা সম্ভব সেগুলো করে ফেলব।’ তিনি বলেন, ‘রাজনৈতিক সম্পৃক্ত সংস্কারগুলো কবে এবং কীভাবে বাস্তবায়ন হবে, সেই সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন। সেটা আমাদের হাতে নেই। যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোয় রাজনীতি ইনভলভ রয়েছে, সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন, তখন আমরা জানব। নির্বাচনের আগে যেগুলো করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট।’

ভোটের প্রস্তুতি বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার কাজ শুরু করেছি, ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। তারপর সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে, সেগুলো করার জন্য উদ্যোগ নিয়েছি।’

সিইসি বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতির কথা বিস্তারিত জানিয়েছি। সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন প্রধান কী কী বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। কোনো সাহায্যের প্রয়োজন হলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া।’ তিনি বলেন, ‘আমি বলেছি, ইউএনডিপি আমাদের সহায়তা করছেন, আপনারা এটা দেখেন। দেখার পর যদি আপনারা কোনো এরিয়ায় ইনভলভ হতে চান, ইনভলভ হতে পারেন।’

এর আগে অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, ‘আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার হবে বলে প্রত্যাশা করি। ভোটের প্রস্তুতিও আমরা জেনেছি।’

প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণ : প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নির্ধারণে আগামী ২৯ এপ্রিল বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে গঠিত অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৯ এপ্রিল সেমিনার করব। সেমিনারে স্টেকহোল্ডার, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।

ইসির সূত্র জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের সংলাপে রাজনৈতিক দলসহ অংশীজনদের আমন্ত্রণ জানানো হতে পারে। এর মধ্যে নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, গণমাধ্যম প্রতিনিধি, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, সংসদবিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনসহ নির্বাচন বিশেষজ্ঞরা থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত