‘অন্তর্বর্তী সরকারের অধীনে আ.লীগের পুনর্বাসন হচ্ছে’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে এ কার্যক্রম চলছে। কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে উপজেলা বিএনপি ও সর্বস্তরের ব্যানারের আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিএনপির এ বর্ষীয়ান নেতা।

ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, দুর্নীতির সহযোগী ছিলেন, যারা গণতন্ত্রের প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, শেখ হাসিনাকে স্বৈরাচারী পদক্ষেপ নিতে নানাভাবে উৎসাহিত করেছিলেন, বেশ বেশ বলে যারা বাহাবা দিয়েছেন, সেসব লোককে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, কয়েক দিন আগে শফিউর রহমান নামে একজন সাবেক কূটনীতিককে কূটনৈতিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন বিচারপতি আছেন ইমরুল কায়েস। আমার নেত্রীর বিচারের নামে, অবিচার করেছেন। আমার সঙ্গেও বিচারের নামে অবিচার করেছেন। ড. ইউনূস আপনার প্রতি আমাদের অনুরোধ, যারা শেখ হাসিনার সরকারের কাছে ছিলেন, পাশে ছিলেন, যারা তালিয়া বাজাতেন, তাদের আপনার পাশ থেকে সরাতে হবে। নয়তো এখন শুধু আমরা দুটো নাম বললাম, এরপর আমরা আরও বেশি বেশি নাম প্রচার করব। পুলিশ প্রশাসনে, বিচার বিভাগে, নানা জায়গায় পতিত সরকারের এজেন্টরা লুকিয়ে আছে। এসব নৌকার প্রতীক মার্কা লোকদের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে সরিয়ে দিতে হবে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন আন্দোলন বিক্ষোভ প্রসঙ্গে ড. রিপন বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কথিত আন্দোলনের নামে সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সভায় শিমুলিয়া ঘাট আন্তর্জাতিক মানের ইনল্যান্ড কনটেইনার পোর্ট নির্মাণ, গ্রাম জনপদ রক্ষায় নদী শাসনের ব্যবস্থা, শিমুলিয়া ঘাট ঘেঁষে পদ্মারপাড় দিয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা, চিকিৎসা গ্রহণে বিদেশনির্ভরতা দূর করতে পদ্মা সেতুর উত্তর প্রান্তে এয়ার অ্যাম্বুলেন্স ওঠানামার সুযোগ সংবলিত আন্তর্জাতিকমানের হাসপাতাল নির্মাণ, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে বহুমাত্রিক আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি, সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ ও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বাল্কহেড-কাটার জব্দ এবং বালুদস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা, শিমুলিয়া ঘাটে ইজারাদারের অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, শিমুলিয়া ঘাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ টোল আদায় বন্ধ করা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা এবং প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সরঞ্জাম সরবরাহ করাসহ ১১ দফা দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত