ছাত্রদের দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম। এরপর থেকেই জনমনে প্রশ্ন উপদেষ্টা পরিষদে আরেক ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদও কি নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা। এ নিয়ে পরবর্তীতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উপদেষ্টা। 

সর্বশেষ আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্তর্বর্তী সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নেই এমনটি বললেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘এখনো এবিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম দলটির নেতৃত্ব গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত