কমিটি গঠনের প্রস্তুতি সভায় বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম

কুমিল্লার তিতাসে বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার বিকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নে যুবদল সভাপতিসহ ৭/৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উত্তর পাড়া গ্রামের ভূঁইয়া বাড়িতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া। শনিবার বিকালে সভা চলাকালীন সময়ে কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার হট্টগোল শুরু করেন। একপর্যায়ে নেতাকর্মীরা এলোপাথাড়ি দৌড়াদৌড়ি এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে যুবদল নেতা হাবিব সরকারের মাথায় গুরুতর জখম হয়।

কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহত হাবিব সরকার বলেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের বিষয়ে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক  প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের আলোচনা সভা চলছিল। সভায় যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারের উপস্থিতিতে হঠাৎ উনার ছেলে সোহাগ সরকার লোকজন নিয়ে  হামলা চালান।

যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। কমিটি গঠনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা সভা চলছিল। সেখানে ৫ জন প্রার্থী পাওয়া যায় সভাপতি পদে। সেখানে আমার বাবা মোয়াজ্জেম সরকার সভাপতি প্রার্থী ছিলেন। পরে ৫ জনকে নিজেদের মধ্যে সমঝোতা করার জন্য একত্রিত করা হলে হঠাৎ হাবিব সরকার ও তার লোকজন আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। তখন তাদের ইটের আঘাতেই হাবিবের মাথা ফেটে যায়। আমি সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম, এর বেশি কিছু না।

তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া বলেন, প্রস্তুতি সভায় কথা কাটাকাটি হয় অন্য কিছু না। মারামারি হয়েছে কিনা আমি জানি না।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই কোন অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত