রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির খুব কাছাকাছি : ট্রাম্প

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম

রাশিয়া ও ইউক্রেন শান্তিচুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মস্কোতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনার কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করেছেন ট্রাম্প। নিজের সামাজিকমাধ্যমে ট্রাম্প বলেন, প্রধান বিষয়গুলোর বেশিরভাগেই ঐকমত্য হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকেও এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। সেন্ট পিটারস ব্যাসিলিকায় ১৫ মিনিটের এ বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বলে বর্ণনা করেছে হোয়াইট হাউজ।

পুতিনের সঙ্গে উইটকফের বৈঠকের পর ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে উচ্চপর্যায়ে বৈঠকের মাধ্যমে চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এক ভিডিওবার্তায় বলেন, রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োজন, যেন তারা নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদি তারা পূর্ণ যুদ্ধবিরতিতে ঐকমত্য হয়, তবে ভূখণ্ড নিয়ে আলোচনার দরজা খোলা থাকতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাবে ইউক্রেনকে রাশিয়া দখলকৃত বেশ কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন- যা ইউক্রেনের পক্ষে অগ্রহণযোগ্য।

প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠককে খুবই ফলপ্রসূ বলেছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ। তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে শুধু ইউক্রেন নয়, আরও কিছু আন্তর্জাতিক বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একে অপরের কাছে এসেছে। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে সরাসরি সংলাপ পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয় বলে জানান উশাকভ। এদিকে, রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তুর বিস্তারিত জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত