চট্টগ্রামে চোখ রেখে সতর্ক জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

সিলেটে ঐতিহাসিক জয় পেয়েই আত্মতুষ্টিতে ভাসতে চান না ক্রেইগ আরভিন। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলকে মাটিতে রাখতেই জোর দিচ্ছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে আরভিন স্পষ্ট করে দিলেন, সাফল্যের সূত্র ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

"হ্যাঁ, আমি মনে করি, যে প্রক্রিয়ায় আমরা সাফল্য পেয়েছি, সেটাকে ভালোভাবে মনে রাখা জরুরি," বললেন আরভিন। "সিরিজে এগিয়ে আছি বলে নিজেদের ওপর বাড়তি চাপ নেওয়ার কিছু নেই। আমাদের প্রয়োজন ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগিয়ে যাওয়া এবং পরিকল্পনা মেনে খেলা। ফলের কথা আগে ভাবলে চলবে না।"

চার বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। সিলেটের সেই সাফল্য দলের মধ্যে এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস, তবুও সতর্ক থাকার আহ্বান আরভিনের।

"নিশ্চয়ই, সিলেটের জয় ড্রেসিংরুমে দারুণ এক পরিবেশ তৈরি করেছে। একটা বিশ্বাস এসেছে আমাদের মধ্যে। এখন আমরা খুব ভালো জায়গায় আছি," জানান জিম্বাবুয়ে অধিনায়ক।

চট্টগ্রামের উইকেট নিয়ে প্রশ্ন করা হলে আরভিন জানান, এখানে ম্যাচ গড়ালে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

"নেটে একটু ধীর মনে হয়েছে উইকেট। সম্ভবত খেলার মধ্যভাগ থেকে স্পিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে," বললেন তিনি। "তবে উইকেটের আচরণ ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, সেটাই মূল বিষয়।"

একইসঙ্গে দলীয় কম্বিনেশন নিয়েও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ আরভিন। পিচের শেষ মুহূর্তের অবস্থা দেখে তবেই ঠিক করবেন কারা নামবেন মাঠে।

"যত দেরি করা যায় সিদ্ধান্ত নিতে, তত ভালো। কারণ পিচের চরিত্র বুঝে আমাদের সবচেয়ে কার্যকর দলটাই নামাতে হবে," যোগ করেন জিম্বাবুয়ের অধিনায়ক।

সর্বশেষ সর্বাধিক পঠিত