আদালতের হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় দুই আসামি পালিয়ে গেছেন 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

চট্টগ্রামে আদালতের জেলা পুলিশের হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় দুই আসামি পালিয়ে গেছেন। এর মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের মো. ইউনুচের ছেলে ইকবাল হোসেন ইমন। তিনি লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ১৫(১)২৫ ধারা:৩০২/৩৪ পেনাল কোড)। অপরজন হলেন নোয়াখালী বেগমগঞ্জ থানার হাজি মালেক ড্রাইভার বাড়ির কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় দায়ের হওয়া মামলার ৩(৪) ২৫ আসামি। 

আদালত সুত্রে জানা গেছে, লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ও সীতাকন্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে আজ মঙ্গলবার ধার্য দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতে হাজিরা শেষে তাঁদের জেলা হাজতখানায় রাখা হয়। সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়ারর জন্য অন্য আসামিদের সঙ্গে এ দুজনকে প্রিজনভ্যানে তোলার জন্য বের করে পুলিশ। কিন্তু প্রিজনভ্যানে না উঠে ওই দুই আসামি পালিয়ে যান। 

এই বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, ‘দুজন আসামি পালানোর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত