'ইয়ামালের মতো প্রতিভা ৫০ বছরে একবার জন্মায়'

বার্সেলোনার সাথে ৩-৩ গোলে ড্র করার পর বলেন ইন্তার কোচ সিমন ইনজাঘি

আপডেট : ০১ মে ২০২৫, ০৭:১৩ এএম

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলান উপহার দিল রোমাঞ্চকর এক ম্যাচ। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন কাতালান ক্লাবের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল।

মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল ক্লাব ক্যারিয়ারের শততম ম্যাচে মাঠে নেমেই দুর্দান্ত এক গোল করেন, দুইবার পোস্টে বল লাগান, প্রতিপক্ষ ডিফেন্ডারদের একের পর এক সমস্যায় ফেলেন এবং দলের আক্রমণে ধার বাড়ান। তার পারফরম্যান্স দেখে ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাগি প্রশংসায় ভাসিয়ে বলেন, “ইয়ামাল হলো এমন এক প্রতিভা, যা ৫০ বছর পর পর জন্মায়।”

ইন্টার ম্যাচের শুরুতে চমক দেখায়। মাত্র ৩০ সেকেন্ডেই মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২১ মিনিটে ডামফ্রিস করেন দ্বিতীয় গোল। তবে ইয়ামাল জাদু দেখিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন বার্সাকে। একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করার পর ফেরান তোরেস সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে আবারও ডামফ্রিসের গোলে এগিয়ে যায় ইন্টার, তবে রাফিনহার শটে বল ইয়ান সমারের পিঠে লেগে জালে ঢুকে গেলে ম্যাচ ড্র রাখতে পারে বার্সা।

ইনজাগি বলেন, “বার্সেলোনার মতো দারুণ আক্রমণভাগের দলকে রুখে দেওয়া সহজ নয়। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু ইয়ামালের গতি ও কৌশলে প্রথমার্ধের শেষ ২৫ মিনিটে আমরা ভুগেছি। ওকে রুখতে আমাদের দ্বিগুণ খেলোয়াড় লাগাতে হয়েছে। সত্যিই অভাবনীয় প্রতিভা।”

বার্সা কোচ হানসি ফ্লিক ম্যাচ শেষে বলেন, “ইয়ামাল ম্যাচের আগে কিছুটা ব্যথা অনুভব করলেও সব চেকআপ শেষে খেলার অনুমতি পেয়েছিল। প্রথমার্ধে ওর পারফরম্যান্স আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বড় ম্যাচে সে নিজেকে প্রমাণ করে। আমি বলব, সে এক জন ‘জিনিয়াস’, বিশেষ প্রতিভা।”

তবে দুই দলই ইনজুরির মুখে পড়ে। প্রথমার্ধেই চোটে পড়েন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে, আর ইন্টার হারায় অধিনায়ক লাউতারো মার্তিনেজকে। ইনজাগি জানিয়েছেন, মার্তিনেজ দ্বিতীয় লেগে না-ও খেলতে পারেন।

সান সিরোতে আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগ। এই ম্যাচের জয়ী দল ৩১ মে মিউনিখে ফাইনালে মুখোমুখি হবে পিএসজি বা আর্সেনালের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত