জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করে হাজারেরও বেশি কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তা আন্দোলন করেছেন। পৃথক রাজস্বনীতি ও বাস্তবায়ন বিভাগ গঠনে গোপন অধ্যাদেশ ঠেকাতে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন এসব কর্মকর্তা। এই পরিস্থিতি চলতে থাকলে কাস্টম হাউজ, কর দপ্তর, বন্দর, বন্ড, আমদানি-রপ্তানি, সামগ্রিক অর্থনীতি অচল হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।
গতকাল বুধবার সকাল থেকে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়েছিলেন এসব কর্মকর্তা। যদিও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান দুপুর পর্যন্ত সোনারগাঁও হোটেলে বাজেট নিয়ে এক সেমিনারে উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবারও কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের শতাধিক কর্মকর্তা আন্দোলন করেছেন।
বিক্ষুব্ধ কর্মকর্তারা জানিয়েছেন, দাবির মুখে এনবিআর চেয়ারম্যান আইন মন্ত্রণালয়ে খসড়া অধ্যাদেশটির ভেটিং স্থগিত রাখতে শীর্ষ কর্মকর্তাকে টেলিফোনে অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে এ বিষয়ে দুই ক্যাডারের অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দেন। পরবর্তী সময়ে কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের দপ্তর ত্যাগ করেন।
