পাকিস্তানে আইএসআই’র চিফ হলেন নিরাপত্তা উপদেষ্টা

আপডেট : ০১ মে ২০২৫, ১২:৩৪ পিএম

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে দেশের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এনএসএ পদে তিনিই এখন পর্যন্ত দশম ব্যক্তি। খবর: ডন

গত মঙ্গলবার এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেনারেল মালিক আগের মতোই ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এইচআই (এম), ডিজি (আই), অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন।

এটি প্রথমবারের মতো যখন কোনো আইএসআই মহাপরিচালককে একইসঙ্গে এনএসএ পদেও দায়িত্ব দেওয়া হলো।  

সম্প্রতি ভারতীয় উপত্যকা পাহালগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঠিক এমন প্রেক্ষাপটে এই নিয়োগটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি শূন্য ছিল। সেই সময় ইমরান খান সরকারের পতনের পর মোয়েদ ইউসুফের স্থলাভিষিক্ত কেউ নিযুক্ত হয়নি।  

ফেডারেল মন্ত্রীর মর্যাদাসম্পন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাধারণত প্রধানমন্ত্রীকে নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে থাকা জাতীয় নিরাপত্তা বিভাগের নেতৃত্বও দিয়ে থাকেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত