পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষালাভের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। দুর্গম ওই পাহাড়ি এলাকায় ৪২টি পরিবারের বসবাস থাকলেও আশপাশে কোনো স্কুল ছিল না।
গতকাল শুক্রবার বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ত্রীমতি কারবারি পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় তিনি ২৫ ছাত্র-ছাত্রীর মধ্যে প্রাথমিক শিক্ষার বই, শিক্ষা সহায়ক সামগ্রী, বিস্কুট ও চকলেট বিতরণ করেন। এর বাইরেও স্থানীয় হতদরিদ্রদের মধ্যে মশারি বিতরণ ও আর্থিক অনুদান দেন তিনি।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘দুর্গম ত্রীমতি কারবারি পাড়ায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় পাঁচটি পাড়ার ৪২টি পরিবারের কোমলমতি শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ওই এলাকার শিশু-কিশোরদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে স্থানীয় কারবারি ও জনসাধারণের সমন্বয়ে একটি অস্থায়ী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতায় স্কুলটি পাঠদানের জন্য উদ্বোধন করা হয়েছে।
