জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ফরিদপুরের কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। গত মঙ্গলবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক করা হয়েছে মো. আব্দুর রহমানকে এবং সংগঠক করা হয়েছে মো. রাকিব হোসেনকে।
এ ছাড়া ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী থেকে দুজন করে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির মেয়েকে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুরের দায়িত্ব দেওয়া নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যে দুজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের একজন হলেন সৈয়দা নীলিমা দোলা। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে। দোলার মামা গোলাম মো. নাছির ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি।
সৈয়দা নীলিমা দোলা সাংবাদিকদের বলেন, ‘আমার পরিবারের সদস্যদের আওয়ামী রাজনীতি করা সংক্রান্ত কিছু পোস্ট আপনাদের সামনে আসতে পারে। আমি নিজে এর একটা ব্যাখ্যা রাজপথের সহযোদ্ধাদের দিয়ে রাখতে চাই। আমি ১০ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি। ‘নো মেট্রো অন ডিইউ মুভমেন্ট’, রামপাল বিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হলকে ছাত্রলীগ মুক্ত করাসহ অন্য আন্দোলনে আমি পরিচিত মুখ।’
