পলাতকদের বাড়ি গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:১১ এএম

শ্রম ও কর্ম সংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত সরকারের অনেক মন্ত্রী, এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 তিনি আরও বলেছেন, যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি।

মহান  মে দিবস উদযাপনের অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার শ্রমিককে আমি দেখব, মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে মালিক অন্যদিকে।’ তিনি বলেন, ‘শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন। যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি, এভাবেই অতীতে শাসন এবং শোষণ চলেছে।’ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। সরকারের অবহেলাতেই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামক নারীকর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক।’ ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত