শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুর বিপু ওরফে শুটার বিপুকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।
র্যাব জানায়, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় বিপু এবং তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ে সাধারণ জনগণ ভীতসন্ত্রস্ত ও অতিষ্ঠ ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল এলাকায় ‘দি ঝিল ক্যাফে’ নামক স্থানে মো. আরিফ সিকদারকে (২৬) হত্যার উদ্দেশ্যে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল মারা যান। এ ঘটনায় ভিকটিমের বোন রিমা আক্তার বিপুসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। সেই মামলায় বিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে রাজধানীতে যেসব সন্ত্রাসীর দৌরাত্ম্য বেড়েছিল, তাদের মধ্যে বিপু একজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মার্চ মধ্যরাতে রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হন বিপু। ডাকাত সন্দেহে তাদের মারধর করা হয়। স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানোর পর গণপিটুনির শিকার হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসিনা সরকারের পতন-পরবর্তী পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে জেলা থেকে জামিনে ছাড়া পান শীর্ষ সন্ত্রাসীসহ অনেক অপরাধী। এমনকি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদেরও কেউ কেউ দেশে ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় হঠাৎ দেখা মেলে ৯০ দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইনের।
