চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম হালিশহর থানার ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট থেকে বস্তা নামাতে দেখা যায়। এ সময় আভিযানিক দল ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পাশের প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে বোট এবং খালের পাশের জঙ্গলসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং চার বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। আটক করা বোট ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তি
