কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) সকাল ৮টার দিকে নাঙ্গলকোট বাইপাস সড়কের পাশে গোত্রশাল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৮০১ চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নাঙ্গলকোট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।’
