গলায় ফাঁস দিয়ে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

তৌকির আহমেদ আবিদ (২২) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহ শিরিন সড়কের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবিদের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বাড়ির কেয়ারটেকার সিয়াম জানান, তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আবিদ একা থাকতেন। দুপুর ১টার দিকে পাশের কক্ষের আরেক ছাত্র ব্যক্তিগত প্রয়োজনে তাকে ডাকতে যায়। কিছু সময় ডাকাডাকির পর দরজা না খোলায় সে দরজার ছিদ্র দিয়ে দেখতে পায়- ছাদের সঙ্গে আবিদের লাশ ঝুলছে। এ সময় তার আর্তচিৎকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে কক্ষের দরজা ভেঙে ফেলে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সহপাঠীদের ভাষ্যমতে, আবিদ দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
 
খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের ছাত্র তৌকির আহমেদ আবিদ নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত