রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত পদোন্নতি নীতিমালা হচ্ছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। রাষ্ট্রমালিকানাধীন এই ব্যাংকগুলোর জন্য অভিন্ন নীতিমালাটি তৈরি করছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
নীতিমালাটি অফিসার বা সমমানের পদ থেকে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার (পিও), সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপ-মহাব্যবস্থাপকদের (ডিজিএম) জন্য প্রযোজ্য হবে। এরই মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে।
গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে সচিবালয়ে একটি বৈঠক ডাকা হয়। যেখানে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) অংশ নেন।
