আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই আত্মপ্রকাশ করবে এই প্ল্যাটফর্মটি। আগামী শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ যাত্রা শুরু হবে।
প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা হলেন সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তাছাড়া আরেক জানাক নেতা এবং শিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাতও প্ল্যাটফর্মটির গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, আগামী ৯ মে শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ)। এটি মূলত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, দল নয়।
জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাক্সক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ।
