মুন্সীগঞ্জের পামওয়েল তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১২ টি ড্রামভর্তি ১৫ লাখ টাকার পামওয়েল ও ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি গাড়ি উদ্ধার করে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে শ্রীনগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২), জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জেলা পুলিশের একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পামওয়েল ভর্তি ২৫ টি ড্রাম ও ২২ টি খালি ড্রাম এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেন। এছাড়া ১টি কালো রঙয়ের ডাবল কেবিন ও একটি নীল রঙয়ের পিকআপ উদ্ধার করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে সোনারগাঁও কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পামওয়েল বোঝাই করে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিন রাত ৯ টার দিকে ট্রাকটি শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রী ছাউনির কাছে পৌঁছলে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের একটি ডাকাতদল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামায়। এসময় ডাকাতরা চালক মো. রাসেল (২২) ও হেলপার মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তোলে এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। এরপর ডাকাতরা পামওয়েল বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত