বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের প্রার্থী চূড়ান্ত

আপডেট : ০৭ মে ২০২৫, ১২:৪৭ এএম

জমে উঠেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। সাধারণ বিজিএমইএ নির্বাচনে দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ এবং ‘ফোরাম’ প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে ঢাকা অঞ্চলের ২৬ এবং চট্টগ্রাম অঞ্চলের ৯ জন পরিচালকের প্রতিটি পদে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দিয়েছে দুপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জামা দিয়েছেন। তবে ৬ মে (গতকাল মঙ্গলবার) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। এর আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত করেছে দুই প্যানেল। ৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। তফসিল অনুযায়ী ৩১ মে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের ১ হাজার ৮৬৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে একযোগে ভোটগ্রহণ হবে। নির্বাচিত পরিচালকরা ১১ জুন ভোটের মাধ্যমে একজন সভাপতি এবং সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন।

ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু এবং সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম।

গতকাল মঙ্গলবার ফোরাম জানিয়েছে, তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে ফোরাম নির্বাচনের মাঠে নেমেছে। ফোরাম বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এ নির্বাচনে ফোরাম প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল, আকার ও ধরনের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে, যারা রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ ও নীতি সংস্কারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করছে।

অন্যদিকে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে জানিয়েছে, ২০২১-২৩ ও ২০২৩-২৫ মেয়াদে দায়িত্বশীল নেতৃত্বের সফল অভিজ্ঞতা নিয়ে তারা আবারও প্রস্তুত আগামীর বিজিএমইএর জন্য। সম্মিলিত পরিষদ বিশ্বাস করে, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক হাসলে দেশ হাসবে। বিজিএমইএ কেবল একটি মালিকদের সংগঠন থাকবে না, বরং এটি হয়ে উঠবে শ্রমিক-কর্মচারী-মালিক সবার সম্মিলিত সংগঠন। একটি এমন প্ল্যাটফর্ম, যেখানে থাকবে সমতা, স্বচ্ছতা, জবাবদিহি ও সর্বজনগ্রাহ্য নেতৃত্ব।

এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত