রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:২৪ এএম

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক তার জামিন স্থগিতের এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন পর্যন্ত জামিন স্থগিত থাকবে বলে আদালতের বরাতে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ৩০ এপ্রিল চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল মঞ্জুর করে তাকে জামিনের রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই দিন জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় গতকাল চেম্বার আদালতে শুনানি নিয়ে এ আদেশ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, এম কে রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষকে আপিল করতে আদেশ দিয়েছেন। ফলে সে পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে।’

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয় চিন্ময় দাস ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরে ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলাটি করেন। গত ২৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২ জানুয়ারি এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ করে আদেশ দেয়। পরে ১২ জানুয়ারি হাইকোর্টে জামিনের এ আবেদন করেন তার আইনজীবীরা।

আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ : এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিস্ফোরক আইন, ভাঙচুর ও পুলিশের ওপর হামলাসহ চার মামলায় গেস্খপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি এবং আইনজীবী আলিফের ভাইয়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। এর আগে গত সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। এ নিয়ে হত্যা, বিস্ফোরকসহ মোট পাঁচটি ফৌজদারি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় (তাকে) চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে আদালত। তাকে কারাগারে পাঠাতে প্রিজন ভ্যানে তোলা হলে তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়। এজাহারে অভিযোগ করা হয়, চিন্ময়ের নির্দেশে তার অনুসারীরা আইনজীবী আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত