ইতালিতে শ্রমবাজার বৃদ্ধি ও বৈধ অভিবাসন কার্যকরে চুক্তি

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:২৫ এএম

বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন এবং সচলতা (মবিলিটি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে এ চুক্তিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এ সমঝোতায় স্বাক্ষর করেন। এর পাশাপাশি উভয়পক্ষ আন্তর্জাতিক সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের জন্য একটি যৌথ কমিটি গঠন করতে সম্মত হয়েছে।

সফর উপলক্ষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ফল ছিল দুই সরকারের মধ্যে অভিবাসন ও মবিলিটি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা।

ঢাকার পক্ষ থেকে বলা হয়, এ সমঝোতা স্মারক বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ নিশ্চিতকরণ এবং বৈধ অভিবাসন পথের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। অন্যদিকে ইতালির ক্ষেত্রে এটি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার পাশাপাশি শ্রম ঘাটতির চ্যালেঞ্জগুলোর সমাধান দিয়েছে। এ সমঝোতা স্মারক ২০১৭ সালে বাংলাদেশ এবং ইইউর মধ্যে স্বাক্ষরিত ‘অনুমোদন ছাড়া অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রত্যাবর্তনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি’র বিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণভাবে এবং আরও কার্যকরপন্থায় অনিয়মিত অভিবাসন মোকাবিলায় সহায়তা করবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার দুদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষিবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

উভয়পক্ষই ইতালির সরকারপ্রধানের দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

সফরকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইনপ্রয়োগকারী সহযোগিতা, সুগম ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। উভয়পক্ষই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক উপকারী অংশীদারত্ব গড়ে তোলার জন্য বাংলাদেশ ও ইতালির অভিন্ন আকাক্সক্ষার প্রতিফলনের বিষয়ে আলোচনা করেছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় পিয়ান্তেদোসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক ও আর্থসামাজিক সংস্কারের জন্য ইতালির অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইতালিকে বাংলাদেশের একটি মূল্যবান অংশীদার হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যার মধ্যে রয়েছে বৃহত্তর বাজার সুবিধা, ব্যবসা থেকে ব্যবসায়িক অংশীদারত্ব এবং বস্ত্র, চামড়া, তথ্যপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো খাতে যৌথ উদ্যোগ। তিনি উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ, বিশেষ করে যুবসমাজের সঙ্গে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ওপরও জোর দেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক : বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় ইতালির মন্ত্রী শ্রম গতিশীলতার মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধির ওপর জোর দেন। ইতালিতে দক্ষ শ্রমিকের ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের সুপ্রশিক্ষিত, পরিশ্রমী ও তরুণ কর্মী সরবরাহের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ উপদেষ্টা বৈধ অভিবাসন পথের আওতায় দক্ষ এবং আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য বর্ধিত কোটা বিবেচনা করার অনুরোধ করেন। উভয়ই দক্ষতা উন্নয়ন উদ্যোগ বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট উপায় অনুসন্ধানে সম্মত হন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক : বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠককালে তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে বৈধ অভিবাসন পথ উন্নত করার এবং অনিয়মিত অভিবাসন মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ইতালি দূতাবাসের সঙ্গে ঝুলে থাকা ভিসা আবেদনের সমস্যা, বিশেষ করে যাদের প্রকৃত ওয়ার্ক পারমিট আছে, দ্রুত সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইতালির প্রাদেশিক ইমিগ্রেশন অফিস কর্র্তৃক ওয়ার্ক পারমিট যাচাই দ্রুততর করার জন্য উপযুক্ত বিকল্প খুঁজে বের করার অনুরোধ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক : বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই দ্বিপক্ষীয় বৈঠকে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধসহ আন্তঃদেশীয় সংঘটিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন। তারা উভয় দেশের নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার জন্য সক্ষমতা বৃদ্ধি, অব্যাহত তথ্য ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং যৌথ প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। পিয়ান্তেদোসি অবৈধভাবে আগতদের প্রত্যাবাসনে সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত