ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:২১ পিএম

পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন, ভারতের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলায় তার পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

বিবিসি উর্দু জানায়, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে যে জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিনি দেন। বুধবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।

জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ জন সৈন্য নিহত হয়। এই হামলা দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

সংগঠনটি আরও জানিয়েছে, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মাও নিহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে ভারত। এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানও পালটা হামলা চালিয়েছে বলে দাবি ভারতের। দেশটির দাবি, পাকিস্তানের হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত