নুরুল হাসান সোহানের জন্য বুধবার দিনটা অনেক প্রাপ্তির। ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি, এরপর তার দলও জিতেছে ৮৭ রানে যাতে নিশ্চিত হয়েছে সিরিজও। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে ৩ ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে স্বাগতিকরা।
টসে হেরে আগে ব্যাট করাটা সবসময়ই ঝুঁকির। সিলেটের মেঘলা সকালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সিম বোলাররা চেয়েছিলেন কন্ডিশনের ফায়দা তুলতে। ম্যাচের চতুর্থ ওভারে পারভেজ হোসেন ইমনকে আউট করে সেই সম্ভাবনাটা জাগিয়েও তুলেছিল ব্ল্যাকক্যাপরা। তবে নাঈম শেখের ৪০ আর এনামুল হকের ৩৯ রান বিপদটা বাড়তে দেয়নি। যদিও দুজনের কেউই পারেননি ইনিংসগুলো বড় করতে। সেই আক্ষেপ ঘুচিয়েছেন অধিনায়ক সোহান আর মাহিদুল ইসলাম অংকন। সেঞ্চুরি করেছেন দুজনেই। সোহানের ১০১ বলে ১১২ রানের ইনিংসে সমান ৭টা করে চার ও ছয়ের মার। অংকনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১০৫ রানের ইনিংস। জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৪ রান।
জবাবে ডেল ফিলিপসের ৭৯ রানের ইনিংস তাদের খানিকটা আশা জোগালেও বড় হয়নি কোনো জুটি। শেষ দিকে কিছু ত্রিশ ছাড়ানো ইনিংস কেবল ব্যবধানই ঘুচিয়েছে। ১০ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন। জোড়া শিকার শরিফুল ইসলাম, তানভির ইসলাম আর শামিম হোসেন পাটোয়ারির। ৪৩.১ ওভারে ২৫৭ রানেই অলআউট নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের জয় ৮৭ রানে। ম্যাচসেরা হয়েছেন সোহান।
