শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান রিমান্ডে  

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:০০ এএম

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এসএম মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মো. আশরাফুল ওমর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। গত বুধবার রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গত বছরের ১৯ জুলাই নিউ মার্কেট থানার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এজাহার নামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। গত বছরের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের শিক্ষার্থী সোহাগ মিয়া রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত