আফগান নারী শরণার্থী ফুটবল দলের অনুমোদন ফিফার

আপডেট : ১০ মে ২০২৫, ০৪:১১ পিএম

আফগানিস্তান নারী শরণার্থী ফুটবল দল গঠনের অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাসকারী আফগান নারী ফুটবলারদের নিয়ে গঠিত এই দল অংশ নিতে পারবে ফিফার তত্ত্বাবধানে আয়োজিত যেকোনো ম্যাচে।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, এক বছরের পরীক্ষামূলক ভিত্তিতে দলটি কার্যক্রম শুরু করবে। এই সময়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ফিফা ভবিষ্যতে দীর্ঘমেয়াদে দলটি চালু রাখার সিদ্ধান্ত নেবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি মেয়ের ফুটবল খেলার সুযোগ নিশ্চিত করাই ফিফার অঙ্গীকার।’

তবে ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে দলকে স্বীকৃতি দিতে হয় সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে। অথচ আফগানিস্তান ফুটবল ফেডারেশন নারীদের কোনো দলকে স্বীকৃতি দেয়নি—বরং দেশজুড়ে নিষিদ্ধ ঘোষণা করেছে নারীদের সব ধরনের ক্রীড়া কার্যক্রম।

ফলে ২০১৮ সালের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি আফগান নারীদের জাতীয় দলকে। এই নতুন উদ্যোগ শরণার্থী আফগান নারী ফুটবলারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা দেখানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত