মাদারীপুরে বিএনপির সম্মেলনে সংঘর্ষ বোমা বিস্ফোরণ

আপডেট : ১১ মে ২০২৫, ১২:০৮ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গিয়ে তোপের মুখে পড়েন জেলা বিএনপির নেতারা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটানো হয় বোমা বিস্ফোরণ। গত শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

একাধিক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য বজলু হাওলাদার ও মিজানুর রহমান। তাদের অনুমতিতে শুক্রবার বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আবুল কালাম শিকদার। তবে পুনরায় সভাপতি পদ পেতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মীকেই সম্মেলনের বিষয়টি জানায়নি বলে অভিযোগ।

এ নিয়ে সম্মেলনের মধ্যেই জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের তর্কবিতর্ক হয়। পরে জাফর অনুসারী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবুল কালাম গ্রুপ ও রাজৈর উপজেলা বিএনপি নেতা আরিফ হাওলাদার গ্রুপের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কমিটি ঘোষণার জন্য সাত দিনের সময় নিয়ে সম্মেলন শেষ করেন জেলা বিএনপির নেতারা।

এ বিষয়ে জানতে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে একাধিকবার মোবাইলফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত