টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি! এমন খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেটবিশ্বে আলোড়ন। তবে এই সিদ্ধান্ত থেকে তাকে ফেরানোর আহ্বান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।
শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের টেস্ট দল থেকে অবসর নিতে চেয়েছেন কোহলি। ৩৬ বছর বয়সী এই ব্যাটার নাকি ইতোমধ্যেই নির্বাচকদের কাছে এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন। তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা তাকে অনুরোধ করেছেন যেন তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।
রোহিত শর্মার টেস্ট অবসরের পরই আসে কোহলির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার–গাভাসকার ট্রফিতে ব্যাটে ব্যর্থতার পর রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানান নির্বাচকেরা। কোহলিও সেই সিরিজে প্রথম টেস্টে শতক হাঁকালেও সিরিজজুড়ে হতাশ করেছেন—৯ ইনিংসে মাত্র ১৯৩ রান, গড় মাত্র ২৩.৫। ৮ বার আউট হওয়ার মধ্যে ৭ বারই ছিলেন কট-বিহাইন্ড!
তবুও কোহলিকে আরও কিছুদিন ধরে রাখার পক্ষে লারা। ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘টেস্ট ক্রিকেটের এখন বিরাটের প্রয়োজন! ওকে বোঝাতে হবে। ও অবসর নিচ্ছে না। আমি বিশ্বাস করি, ক্যারিয়ারের বাকি অংশে ওর টেস্ট গড় ৬০ ছাড়াবে!’
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি, গড় ৪৬.৮৫। তবে গত পাঁচ বছরে পারফরম্যান্সে পড়েছে ভাটা—৩৭ টেস্টে ২০০০-এর কিছু বেশি রান, মাত্র ৩টি সেঞ্চুরি।
গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান কোহলি। তবে এখনো সীমিত ওভারের ফর্মে তিনি দুর্দান্ত। চলতি আইপিএলে ১১ ম্যাচে ৫০৫ রান করেছেন তিনি, ৭টি হাফসেঞ্চুরি, স্ট্রাইক রেট ১৪৩.৪৬।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে—ইংল্যান্ড সফরের আগে কি সত্যিই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন কোহলি? নাকি লারার মতো বোদ্ধাদের কণ্ঠই তাকে টেনে রাখবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাটে?
হামজা-শমিত গোল করেন না, সুযোগ তৈরি করেন
আলোনসো ‘বিশ্বের সেরাদের একজন’, আনচেলত্তি