ইশরাককে ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৫৬ পিএম

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবিতে নগরভবন ঘেরাও করেছেন তার সমর্থকেরা। আজ বুধবার সকাল থেকে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন তারা। পরে আন্দোলনটি রূপ নেয় বিশাল জনসমাবেশে।

সকাল ৮টার পর থেকে রাজধানীর নগরভবনের সামনের গেটের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। ঘণ্টা দুয়েকের মধ্যে বিক্ষোভকারীরা সেখান থেকে সিঁড়ি বেয়ে নগরভবনের মূল ভবনের কাছাকাছি পৌঁছে অবস্থান নেন।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দাবি করেন, দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।

এর ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল রাতে নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু ট্রাইব্যুনালের রায় ও গেজেট প্রকাশের পরও তাকে এখনো আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব হস্তান্তর করা হয়নি।

নির্বাচনি আইনে বলা আছে, ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে কোনো সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি নির্বাচন আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। মামলার নিষ্পত্তি হতে সর্বোচ্চ ১৮০ দিন সময় থাকলেও আপিলের ক্ষেত্রে তা ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে।

এ অবস্থায় সমর্থকেরা দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগরভবনের সামনে জোরালো অবস্থান নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত